প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের ভবানীপু্র, বাঘের বাজারের নতুন বাজার, ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।
বেলা সোয়া ১০টায়ও শ্রমিকরা সড়কে ছিলেন জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, এছাড়াও গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট